গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ব্যাপক দুর্নীতির অভিযোগ
দি নিউজ লায়নঃ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে নানান দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। এই পরিস্থিতিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে খোদ মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন । মুখ্যমন্ত্রীর নির্দেশে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের হাল ফেরাতে বিশ্ববিদ্যালয়ের এক্সেকিউটিভ কাউন্সিলের সদস্য করা হল ওয়েবকুপার রাজ্য সভাপতি কৃষ্ণকলি বসু ঘোষকে। এরফলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিগত দিনে নানান দুর্নীতির অভিযোগের বিষয়গুলিও তদন্তের কিনারা হবে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -অশিক্ষক সংগঠনের সদস্যরা।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষক থেকে ছাত্র-ছাত্রীরা মনে করছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই শিক্ষামন্ত্রী এই মনোনয়ন করেছেন। কৃষ্ণকলি বসু ঘোষকে শিক্ষকদের মধ্যে সংহতি ও ঐক্য স্থাপনার বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিগত দিনে মালদা জেলার তৃণমূল দলের পর্যবেক্ষক' এর দায়িত্ব সামলেছেন শুভেন্দু অধিকারী। তার অঙ্গুলিহেলনে বিশ্ববিদ্যালয়ে যাবতীয় কাজ হয়ে এসেছে বলেও অভিযোগ একাংশ শিক্ষক ও তৃণমূল ছাত্র সংগঠনের। বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষক ও ছাত্রদের অভিযোগ, বিগত দিনে বিশ্ববিদ্যালয় ব্যক্তি ক্ষমতা বাড়ানো ও দলীয় ক্ষমতা কমানোর উদ্দেশ্যে শাখা সংগঠনগুলিকে বিভিন্ন ভাবে ভাগ করে দেওয়া হয়েছিল।
যার কারণে বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয় নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলেও প্রকৃতভাবে তদন্ত হচ্ছিল না। আগের মতো এখনো এই বিশ্ববিদ্যালয়ে মেদিনীপুরের কয়েকজন শিক্ষকদের অঙ্গুলিহেলনে কাজকর্ম চলছে বলে অভিযোগ। যেটা বিশ্ববিদ্যালয়ের অনেকেই পছন্দ করছেন না। আর এনিয়েই অসন্তোষ ছড়াতে শুরু করেছে একাংশ শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তার নির্দেশেই কাজ শুরু করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। এপ্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর জানিয়েছেন, বিগত দিনে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় একাংশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। এর পিছনে যে বিজেপির একটি বড় মাথা কাজ করেছে তা অনেকেই বুঝতে পেরে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ ভাবমূর্তি তৈরিতে উদ্যোগী হয়েছে শিক্ষা মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় সবদিক দিয়েই বিশেষ নজর দেওয়া হয়েছে । গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের এক্সেকিউটিভ কাউন্সিলের সদস্য সংখ্যা বর্তমানে ১৩ জন। নতুন একজনকে অন্তর্ভুক্ত করেছে রাজ্য সরকার তিনি একজন অধ্যাপিকা। আশা করব এর ফলে বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে আরো বেশি করে গতি আসবে।

Post a Comment